ঋণের ভার নিয়েই যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

৩০ লাখ কোটি টাকার দেনার চাপ; ডিসিদের দুর্নীতি দমন ও জনসেবায় জোর নির্দেশ

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের ইতিহাসে অন্যতম দুর্বল অর্থনৈতিক পরিস্থিতিতে প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তিনি বলেন, আড়াই মাসে কিছুটা উন্নতি হলেও সামগ্রিক পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়।

রোববার (৩ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ সাশ্রয়, ভেজালবিরোধী অভিযান, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জেলা প্রশাসকদের আরও সক্রিয় হতে হবে। মোবাইল আদালতের কার্যক্রম জোরদার করে জনগণের ন্যায্য অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন তিনি।

তিনি আরও জানান, ‘জুলাই সনদ’-এর প্রতিটি দফা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন সরকারপ্রধান।

ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সততা, মেধা ও দক্ষতার ভিত্তিতেই পদোন্নতি ও বদলি নির্ধারণ করা হবে। ব্যক্তিস্বার্থে পেশাদারিত্ব বিসর্জন দিলে তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর এবং প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জনপ্রশাসনের কর্মকর্তাদের যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব পালনে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী দাবি করেন, দেশকে অতিরিক্ত আমদানিনির্ভর করে তোলা হয়েছিল এবং বিচার বিভাগ, শিক্ষা ও স্বাস্থ্যখাত দুর্বল অবস্থায় ছিল। বর্তমান সরকার এসব খাত পুনর্গঠনে কাজ করছে বলে জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে যাওয়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান, তিনি হাত নেড়ে তার জবাব দেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, চারদিনব্যাপী এই সম্মেলন আগামী ৬ মে শেষ হবে। এতে আট বিভাগের বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকরা অংশ নিচ্ছেন। ডিসিদের কাছ থেকে প্রাপ্ত ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব এবারের সম্মেলনে উপস্থাপন করা হবে।