কথা বলতে না দিলে দুলাভাই চলে যাবে : তারেক রহমান

সিলেটে নদী খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর হাস্যরস; ফ্যামিলি কার্ড ও কর্মসংস্থানের অঙ্গীকার
টুইট ডেস্ক: সিলেট সফরে গিয়ে শ্বশুরবাড়ির এলাকার মানুষের সঙ্গে হাস্যরসে মেতে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের মাঝেই তিনি বলেন, “কথা বলতে না দিলে দুলাভাই তো চলে যাবে” এ মন্তব্যে উপস্থিত জনতার মাঝে হাসির রোল পড়ে।
শনিবার (২ মে) দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বক্তব্য চলাকালে নেতাকর্মীরা ‘দুলাভাই’ সম্বোধন করে স্লোগান দিলে প্রধানমন্ত্রীও তা রসিকতার মাধ্যমে গ্রহণ করেন।
এর আগে এক দিনের সরকারি সফরে সিলেটে পৌঁছে বৃষ্টির মধ্যেই স্ত্রীকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। পরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সুধী সমাবেশে অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে তাদের জবাবদিহি জনগণের কাছেই। “আমরা এমন কাজ করতে চাই, যা মানুষের কল্যাণে আসে”—বলেন তিনি।
তিনি আরও জানান, কৃষক কার্ডের পাশাপাশি ফ্যামিলি কার্ড কর্মসূচির কাজ শুরু হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব যোগ্য পরিবারকে এই কার্ডের আওতায় আনার লক্ষ্য রয়েছে। পাশাপাশি ধর্মীয় নেতাদের ভাতা প্রদান ও খাল খনন কার্যক্রমও চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
শিল্প খাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, বন্ধ হয়ে থাকা কারখানাগুলোর তালিকা প্রস্তুত করে ধাপে ধাপে সেগুলো চালু করা হবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “মানুষের জন্য কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।”






