রেমিট্যান্স লুটের অভিযোগে সরব হান্নান মাসুদ

মে দিবসের সমাবেশে ব্যাংক খাত, অর্থপাচার ও শ্রমিক অধিকার নিয়ে কড়া সমালোচনা।
টুইট ডেস্ক: রাজধানীর শাহবাগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স লুটপাটের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসুদ।
তিনি বলেন, দেশের অর্থনীতির প্রধান ভরসা প্রবাসী আয় হলেও দুর্নীতিবাজদের দৌরাত্ম্যে সেই অর্থই লুটপাটের শিকার হচ্ছে।
শুক্রবার অনুষ্ঠিত এ সমাবেশে হান্নান মাসুদ অভিযোগ করেন, দেশের কোটি প্রবাসী কঠোর পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা পাঠালেও একটি প্রভাবশালী গোষ্ঠী সেই অর্থ আত্মসাৎ করছে।
তার ভাষায়, “যারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তারাই আবার সংসদে দাঁড়িয়ে বড় বড় কথা বলে,এটা জাতির জন্য লজ্জার।”
বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একজন পেশাদার অর্থনীতিবিদের পরিবর্তে ব্যবসায়ী পটভূমির ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে বসানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তৈরি পোশাক খাতের সঙ্গে অর্থপাচারের অভিযোগ জড়িত, আর সেই খাতের প্রতিনিধিকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে,যা উদ্বেগজনক।
একই সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, গণআন্দোলনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় স্বীকৃতি ও কার্যকর সংলাপের অভাবে তাদের পরিস্থিতির উন্নতি হয়নি।
তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মস্থলের নিরাপত্তা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান।
এদিকে দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন ব্যাংক খাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অতীতে বিপুল অর্থ লুট করে বিদেশে পাচারকারীদের পুনরায় ব্যাংকের মালিকানায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে অর্থনীতি আরও ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সমাবেশ থেকে বক্তারা সম্মিলিতভাবে দাবি জানান,শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং প্রবাসীদের কষ্টার্জিত আয়ের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।






