মাঠের রাজনীতিতে নতুন বার্তার প্রস্তুতি বিএনপির

মে দিবসে নয়াপল্টনে বৃহৎ সমাবেশ, শ্রমিক অধিকার ও রাজনৈতিক দিকনির্দেশনার ঘোষণা আসার প্রত্যাশা

টুইট ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে মাঠের রাজনীতিতে নতুন বার্তা দিতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, এটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির অন্যতম বৃহৎ জনসমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে। সমাবেশ সফল করতে ইতোমধ্যে কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

শ্রমিক দল নেতারা জানিয়েছেন, রাজধানী ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ ও নরসিংদীসহ আশপাশের জেলা থেকে হাজারো শ্রমিক ও নেতাকর্মী সমাবেশে অংশ নেবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শ্রমজীবী মানুষের স্বার্থ, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ উন্নয়নের বিষয়গুলো সমাবেশে গুরুত্ব পাবে। তিনি আশা প্রকাশ করেন, সমাবেশে বিপুল জনসমাগম হবে।

দলীয় নেতাদের মতে, এই সমাবেশের মাধ্যমে শ্রমিকদের অধিকার, ট্রেড ইউনিয়ন স্বাধীনতা, নিরাপদ কর্মপরিবেশ এবং আউটসোর্সিং নিয়োগনীতিসহ বিভিন্ন ইস্যুতে নতুন রাজনৈতিক বার্তা দেওয়া হতে পারে।

এদিকে সংগঠনের নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের নানা সমস্যার সমাধান না হওয়া, ন্যূনতম মজুরি কাঠামো আপডেট না হওয়া এবং কর্মসংস্থান সংকটের বিষয়গুলো সমাবেশে তুলে ধরা হবে।

মে দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে নেতারা জানান, ১৮৮৬ সালের শিকাগো আন্দোলনের আত্মত্যাগ থেকেই শ্রমিক অধিকার আন্দোলনের সূচনা, যা আজও বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রেরণা হিসেবে কাজ করছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমাবেশের মাধ্যমে বিএনপি সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কৌশল ও অবস্থান স্পষ্ট করতে পারে।