ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম

কর্মী সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা, সংগঠনের শীর্ষ নেতাদের উপস্থিতি

টুইট ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আসন্ন মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর কাকরাইল এলাকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মী সম্মেলনে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সাদিক কায়েম উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের থানা ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারাও সম্মেলনে অংশ নেন।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সংগঠনগতভাবে শক্ত অবস্থান তৈরি এবং নগর রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার অংশ হিসেবেই এই প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সম্মেলনে নেতারা বলেন, নগরবাসীর সমস্যা সমাধান, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবা উন্নত করাই তাদের নির্বাচনী অঙ্গীকারের মূল লক্ষ্য।