শিশুর জন্য প্রধানমন্ত্রীর উপহার, মানবিকতায় আলোচনায় ঘটনা

যশোরে ভাইরাল দৃশ্যের পর পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা
টুইট ডেস্ক: যশোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক মা ও তার শিশুকে দেখে গাড়ি থামিয়ে কথা বলার ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। সেই শিশুর জন্য এবার উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত সোমবার (২৭ এপ্রিল) যশোর সফরকালে প্রধানমন্ত্রীর গাড়িবহর শহরের ইনস্টিটিউট এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় নিলিমা নামে এক নারী তার শিশুকে কোলে নিয়ে ফুল হাতে শুভেচ্ছা জানাতে দাঁড়িয়ে ছিলেন। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি গাড়ি থামিয়ে শিশুটিকে দেখতে নেমে আসেন। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
এরপর শিশুটির জন্য উপহার পাঠানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তার নির্দেশনায় অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন–এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিলিমার বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার পৌঁছে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ স্থানীয় নেতাকর্মীরা।
সংশ্লিষ্টরা বলছেন, ছোট এই ঘটনাটি রাজনৈতিক অঙ্গনের বাইরে একটি মানবিক বার্তা হিসেবে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।






