গণঅভ্যুত্থান-পরবর্তী ১৮৫৫ মামলা, তদন্তে গতি আনার তাগিদ

হত্যা ৭৯৯, চার্জশিট ১৫৮ সংসদে আইনমন্ত্রীর তথ্য।

টুইট ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় সারাদেশে মোট ১,৮৫৫টি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম–এর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আইনমন্ত্রী জানান, দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ৭৯৯টি হত্যা মামলা এবং বাকি ১,০৫৬টি অন্যান্য ধারায় করা হয়েছে। এর মধ্যে ১৫৮টি মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে—যার মধ্যে হত্যা মামলা ৪৮টি এবং অন্যান্য মামলা ১১০টি। এসব মামলার বিচার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

তিনি বলেন, অবশিষ্ট ১,৬৯৭টি মামলার তদন্ত প্রক্রিয়া এখনও চলমান। বিপুলসংখ্যক মামলার তদন্ত একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হলেও দ্রুততার সঙ্গে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পুলিশ বিভাগ কাজ করছে। প্রতিটি মামলায় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে, যাতে বিচারের সময় কোনো দুর্বলতা না থাকে।

জামিন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ারাধীন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় সক্রিয়ভাবে জামিনের বিরোধিতা করছেন।

সরকার ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, যারা হত্যা, গুম ও নির্যাতনের মতো অপরাধে জড়িত, তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।