নৌবাহিনীর চিকিৎসা শিক্ষায় নতুন দিগন্ত

চট্টগ্রামে নেভি মেডিকেল কলেজের যাত্রা, আধুনিক স্বাস্থ্যসেবায় জোর।
টুইট ডেস্ক: দেশের চিকিৎসা শিক্ষা ও সামরিক স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হলো। চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজটির উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, দক্ষিণাঞ্চলে আধুনিক চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে গড়ে ওঠা এ প্রতিষ্ঠান দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
নৌবাহিনীর এই উদ্যোগকে কেবল সামরিক নয়, বেসামরিক চিকিৎসা ব্যবস্থার জন্যও একটি বড় সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের নীতিমালা অনুসরণ করে ইতোমধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই ৫০ জন বেসামরিক শিক্ষার্থী নিয়ে পাঁচ বছর মেয়াদি চিকিৎসা শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
নৌবাহিনী প্রধান তার বক্তব্যে আরও উল্লেখ করেন, দক্ষ, নৈতিক ও পেশাদার চিকিৎসক তৈরির মাধ্যমে এই প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনীর চিকিৎসা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও সহায়ক হবে।
নতুন এই মেডিকেল কলেজে আধুনিক পরীক্ষাগার, সমৃদ্ধ গ্রন্থাগার, উন্নত শ্রেণিকক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যে একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক বিশিষ্টজন, চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশ্লেষকরা মনে করছেন, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সমন্বয়ে পরিচালিত এই নেভি মেডিকেল কলেজ ভবিষ্যতে দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





