কাস্টমস কর্মকর্তা হত্যা; ছেলের প্রথম জন্মদিনে বাবাহারা শোক

নির্মম বাস্তবতায় জন্মদিন, কাঁদছে পুরো পরিবার

টুইট ডেস্ক: চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারের ওপর। বিশেষ করে তার এক বছরের ছেলের প্রথম জন্মদিনটি এবার উদযাপনের বদলে কাটছে বাবাহারা শোক আর কান্নার মধ্যে।

শনিবার (২৫ এপ্রিল) ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকায় একটি হোটেলের পাশে থেকে রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং নিজ গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাফন সম্পন্ন হয়।

গতকাল মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। আজ সোমবার নিহতের একমাত্র ছেলে অব্বয়ের প্রথম জন্মদিন, কিন্তু আনন্দের বদলে সেখানে নেমে এসেছে গভীর শোক।

নিহতের স্ত্রী উর্মী হীরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, সন্তান জন্মদিনের জন্যই দুই দিন আগে স্বামী বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। শেষবার ফোনে কথা হয়েছিল, এরপর আর কোনো খোঁজ মেলেনি।

তিনি আরও বলেন, “আমার স্বামীকে যারা হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি চাই।”

পরিবার জানায়, মৃত্যুর মাত্র চার দিন আগে তাদের বিবাহবার্ষিকী পালন করা হয়েছিল। এক মুহূর্তের ব্যবধানে সুখের সংসার ভেঙে গেলো চরম শোকে।

নিহত বুলেট বৈরাগী ৪১তম বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা হিসেবে কাস্টমসে কর্মরত ছিলেন এবং সর্বশেষ কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার পর তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

একদিকে তদন্ত চলছে, অন্যদিকে পরিবার ও এলাকাজুড়ে চলছে শোকের মাতম-যেখানে এক শিশুর জন্মদিন হয়ে উঠেছে এক জীবনের সবচেয়ে বড় বেদনার দিন।