আওয়ামী ভূত এখন অন্য দলের কাঁধে: তারেক রহমান

যশোরের শার্শায় খাল পুনঃখনন উদ্বোধন শেষে রাজনৈতিক মন্তব্য।
টুইট ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের ওপর ভর করেছে। তারা দেশের মানুষের কল্যাণ চায় না। দেশে কেউ যেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে— সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।”
তারেক রহমান আরও বলেন, “যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, তা বাস্তবায়ন করা হবে। কিছু রাজনৈতিক দল গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। যারা এটি ভিন্ন খাতে নিতে চায়, তারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়।”
নারীদের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও এলপিজি কার্ড বিতরণের কথাও উল্লেখ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শার্শা উপজেলার উলশীর যদুনাথপুর এলাকায় একটি খাল খনন করেন, যা পরবর্তীতে জিয়া খাল নামে পরিচিতি পায়। সেই খাল পুনঃখনন কার্যক্রমই আজ উদ্বোধন করা হয়।






