ইউনূসের ভিভিআইপি মর্যাদা কমানো, ১০ আগস্ট পর্যন্ত থাকবে এসএসএফ নিরাপত্তা

আগামী ছয় মাস পর্যন্ত বিশেষ নিরাপত্তা সুবিধা বহাল, এরপর সাধারণ নাগরিক হিসেবে চলাফেরা।
টুইট ডেস্ক: সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দেওয়া ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) মর্যাদার মেয়াদ ছয় মাস কমিয়েছে সরকার। ফলে আগামী ১০ আগস্ট পর্যন্ত তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা সুবিধা পাবেন।
সরকারি উচ্চপর্যায়ের সূত্রের বরাতে জানা গেছে, আগে এক বছরের জন্য ভিভিআইপি মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত থাকলেও তা সংশোধন করে ছয় মাসে নামিয়ে আনা হয়েছে। এর পর তিনি আর এসএসএফের নিরাপত্তা পাবেন না।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ আগস্টের পর থেকে অধ্যাপক ইউনূসকে একজন সাধারণ নাগরিকের মতোই চলাফেরা করতে হবে। এতে রাষ্ট্রীয় বিশেষ নিরাপত্তা সুবিধাও আর বহাল থাকবে না।
উল্লেখ্য, দায়িত্ব হস্তান্তরের কয়েক দিন আগে অধ্যাপক ইউনূসকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছিল। বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের আওতায় এ সুবিধা কার্যকর করা হয়, যার ফলে তার বাসভবন, কর্মস্থল ও বিদেশ সফরে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছিল।
সরকারি নথি অনুযায়ী, ভিভিআইপি মর্যাদা কার্যকর থাকাকালে এসএসএফ সদস্যরা তার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন এবং সব ধরনের রাষ্ট্রীয় প্রটোকল অনুসরণ করা হচ্ছিল।
এ সিদ্ধান্তের ফলে এখন থেকে নির্ধারিত সময় শেষে তার নিরাপত্তা কাঠামো স্বাভাবিক পর্যায়ে ফিরে যাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।






