জিয়া খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাঁচ দশক পর উলশীতে বাবার খনন করা খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু।

টুইট ডেস্ক: যশোরের শার্শায় ঐতিহাসিক ‘জিয়া খাল’ পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উলশীতে কোদাল দিয়ে মাটি কেটে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

প্রধানমন্ত্রী খালপাড়ে উদ্বোধনী ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রকল্পটির কার্যক্রম শুরু করেন। কর্মসূচিতে তিনি প্রতীকীভাবে তিনটি স্থানে মাটি কাটায় অংশ নেন।

সফরকালে প্রধানমন্ত্রী বলেন, কৃষি, পানি ব্যবস্থাপনা ও স্থানীয় জীবিকার সঙ্গে জড়িত এই খাল পুনঃখনন শুধু অবকাঠামো উন্নয়ন নয়, এটি ঐতিহাসিক ধারাবাহিকতা রক্ষারও উদ্যোগ।

১৯৭৬ সালের ১ নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শার্শার উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন, যা পরে ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়। প্রায় পাঁচ দশক পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হলো।

অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের জলব্যবস্থাপনা ও কৃষি সহায়ক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।