হজে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু

মক্কায় মৃত্যু চার হজযাত্রীর, সৌদি পৌঁছেছেন ৩৫ হাজারের বেশি বাংলাদেশি।
টুইট ডেস্ক: পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, মারা যাওয়া চারজনই পুরুষ এবং সবাই মক্কায় ইন্তেকাল করেছেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এদিকে ২৬ এপ্রিল পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন রয়েছেন।
মোট ৮৯টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস হজ ফ্লাইট পরিচালনা করছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি হজযাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিতে সৌদি আরবে স্থাপিত মেডিকেল কেন্দ্রগুলো থেকে ২ হাজার ৮৫০টির বেশি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি হজ আইটি হেল্পডেস্ক থেকেও হাজারো সেবা প্রদান করা হয়েছে।
চলতি হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবিড় নজরদারি অব্যাহত রেখেছে।






