যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচি উদ্বোধন, মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভায় যোগ দেবেন।

টুইট ডেস্ক: সরকার গঠনের পর প্রথমবারের মতো যশোর সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সফরের প্রথম কর্মসূচিতে শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সেখানে আয়োজিত সুধী সমাবেশেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

পরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিক্যাল কলেজের ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় ভাষণ দেবেন।

সরকারের উন্নয়ন কার্যক্রম মাঠপর্যায়ে ত্বরান্বিত করা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিয়েই প্রধানমন্ত্রীর এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।