গুলির শব্দে আতঙ্ক; লুকাতে গিয়ে পড়ে গেলেন ট্রাম্প

নৈশভোজে বিশৃঙ্খলা, নিরাপত্তা বলয়ে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্টসহ শীর্ষ ব্যক্তিদের।
টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক নৈশভোজ অনুষ্ঠানে গুলির শব্দ শোনার পর সৃষ্টি হয় চরম আতঙ্ক। এ সময় নিরাপত্তা বলয়ে সরিয়ে নেওয়ার সময় লুকাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিল্টন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, ট্রাম্প খাবার টেবিলে বসা অবস্থায় ছিলেন। হঠাৎ বাঙ্কেট হল থেকে বিকট শব্দ শোনা গেলে পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত প্রেসিডেন্টকে ঘিরে ফেলেন। এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তড়িৎভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর ট্রাম্পকে সরিয়ে নেওয়ার সময় চেয়ার থেকে উঠতে গিয়ে তিনি হুমড়ি খেয়ে পড়ে যান।
পরবর্তীতে তাকে দ্রুত নিরাপত্তা বলয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ মন্ত্রিসভার সদস্যদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কেউ আহত হননি এবং সবাই নিরাপদে আছেন।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত সিক্রেট সার্ভিসের সদস্যরা ‘গুলি চলছে’ বলে সতর্ক সংকেত দেন এবং পুরো এলাকা নিয়ন্ত্রণে নেন। পরে প্রেসিডেন্টকে একটি নিরাপদ স্থানে রাখা হয়।
প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় অনুষ্ঠানে ফিরতে আগ্রহ প্রকাশ করলেও নিরাপত্তা ঝুঁকির কারণে তাকে তাৎক্ষণিকভাবে ফিরতে দেওয়া হয়নি।
প্রতি বছর হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এই নৈশভোজ আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি গণমাধ্যম অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। হঠাৎ গুলির ঘটনায় উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিরাপত্তা বাহিনীর এক সদস্য জানিয়েছেন, এক বন্দুকধারী হোটেলে প্রবেশ করে গুলি চালায়। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত করা হয়নি।
ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।






