নাটোরের লালপুরে যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, মহাসড়ক অবরোধ ও অগ্নিসংযোগ।

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল–এর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধরা নাটোর–পাবনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবদলের নেতা নাদিম হোসেন দোহার সমর্থক এবং যুগ্ম আহ্বায়ক মজনু পাটোয়ারীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ে।

এরপর বুধবার রাতে স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে পল্লি চিকিৎসক রাশেদুল ইসলামসহ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে মজনু পাটোয়ারী লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

অভিযোগ অস্বীকার করে নাদিম হোসেন দোহা বলেন, এ ঘটনার সঙ্গে তার বা দলের কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।