যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার, পরিবারের নিশ্চিতকরণ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন তিনি।
টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত।
শনিবার (২৫ এপ্রিল) সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন।
পরিবারের বরাতে জানা গেছে, স্থানীয় পুলিশ নাহিদার ভাইকে ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। পুলিশের তথ্য অনুযায়ী, বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া মরদেহের অংশের ডিএনএ পরীক্ষায় মিল পাওয়া গেছে।
তবে এখনো পুরো মরদেহ উদ্ধার করা যায়নি বলে পরিবার জানিয়েছে। ঘটনাটিকে ঘিরে এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত বলেন, “পুলিশ আমাদের জানিয়েছে এটি হত্যাকাণ্ড। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এর আগে একই ঘটনায় আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার রুমমেট হিশাম সালেহ আবুঘরবেহ–কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ঘটনাটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।






