তীব্র লোডশেডিং শিগগিরই সহনীয় পর্যায়ে নামবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ সরবরাহ বাড়লে আগামী সপ্তাহেই পরিস্থিতির উন্নতির আশা।
টুইট ডেস্ক: তীব্র দাবদাহ ও বিদ্যুতের ঘন ঘন বিভ্রাটে যখন দেশের জনজীবন বিপর্যস্ত, তখন লোডশেডিং শিগগিরই কমে আসবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি জানান, বিদ্যুৎ সরবরাহে নতুন করে বড় অগ্রগতি আসছে। আগামী ২৬ এপ্রিল থেকে আদানির বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ২৮ এপ্রিল থেকে বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট থেকে ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই দুটি উৎস মিলিয়ে প্রায় ১৩০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ যুক্ত হলে গ্রাহক পর্যায়ে লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে। মে মাসের প্রথম সপ্তাহে পরিস্থিতি আরও উন্নত হয়ে অতিরিক্ত প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, কিছু বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটি ও জ্বালানি সংকটের কারণে সরবরাহ ব্যাহত হয়েছে। তবে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, সরকার সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে নিরলসভাবে কাজ করছে এবং অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্য নেওয়া হয়েছে।






