নেতানিয়াহুর ক্যানসার চিকিৎসা প্রকাশ

যুদ্ধ পরিস্থিতিতে গোপন রাখা তথ্য অবশেষে জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
টুইট ডেস্ক: (Benjamin Netanyahu) অবশেষে স্বীকার করেছেন, তিনি প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিয়েছেন। সম্প্রতি প্রকাশিত স্বাস্থ্য প্রতিবেদনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, চিকিৎসা সফল হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।
দেশটির সংবাদমাধ্যম The Times of Israel এর প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধ পরিস্থিতিতে এই তথ্য ইরানের প্রচারণার হাতিয়ার হতে পারে-এমন আশঙ্কায় বিষয়টি এতদিন জনসমক্ষে আনা হয়নি।
৭৬ বছর বয়সী এই নেতা জানান, নিয়মিত চিকিৎসা গ্রহণের পর তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকদের মতে, তার প্রোস্টেটে প্রায় ০.৯ সেন্টিমিটার আকারের একটি প্রাথমিক পর্যায়ের টিউমার শনাক্ত হয়েছিল, যা কয়েক মাস আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় ধরা পড়ে।
Hadassah Medical Center এর অধ্যাপক অ্যারন পোপভটজার জানান, চিকিৎসার জন্য দুটি পথ ছিল-নিয়মিত পর্যবেক্ষণ অথবা রেডিয়েশন থেরাপি। শেষ পর্যন্ত নেতানিয়াহু রেডিয়েশন চিকিৎসা গ্রহণ করেন।
সর্বশেষ পরীক্ষার ফলাফলে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শরীরে রোগের কোনো লক্ষণ নেই। তবে ভবিষ্যতে ঝুঁকি এড়াতে নিয়মিত ফলোআপ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।






