২৪ ঘণ্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু

উপসর্গসহ আক্রান্ত বেড়ে ২৯ হাজার ছাড়াল, স্বাস্থ্যখাতে উদ্বেগ বাড়ছে।
দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু নিশ্চিত হামে এবং চারজনের মৃত্যু হয়েছে সন্দেহজনক উপসর্গে।
শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২১৫ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৯ জনে।
এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৭২ জন। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ২৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৭০৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৫২৭ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মারা গেছেন আরও তিনজন।
এতে এ সময়ের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। একই সময়ে সন্দেহজনক হামে মারা গেছেন আরও চারজন, যা মিলিয়ে মোট মৃত্যু হয়েছে ১৯৮ জন।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর এই প্রবণতায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তারা দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার, সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।






