৫৫ বছরেও দ্বিতীয় রিফাইনারি নেই; জ্বালানি নিরাপত্তায় শঙ্কা: সেনাপ্রধান

বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে জ্বালানি অবকাঠামো জোরদারের তাগিদ; জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গঠনের ওপর গুরুত্বারোপ।
টুইট প্রতিবেদক: স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশে দ্বিতীয় কোনো তেল শোধনাগার (রিফাইনারি) গড়ে তোলা সম্ভব হয়নি,এমন বাস্তবতায় জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি মনে করেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতা ও জ্বালানি সংকটের যুগে এ খাতের অবকাঠামোগত সীমাবদ্ধতা দেশের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাপী নতুন নতুন সংকট তৈরি হচ্ছে, যার কেন্দ্রে রয়েছে জ্বালানি নিরাপত্তা। এ বাস্তবতায় নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আধুনিক অবকাঠামো নির্মাণের বিকল্প নেই।
সেনাপ্রধান স্পষ্টভাবে উল্লেখ করেন, একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও কৌশলগত সক্ষমতা অনেকাংশে জ্বালানি ব্যবস্থার ওপর নির্ভরশীল। কিন্তু বাংলাদেশ এখনো একক রিফাইনারিনির্ভর অবস্থায় রয়েছে, যা দীর্ঘমেয়াদে টেকসই নয়।
তিনি দ্রুত দ্বিতীয় রিফাইনারি স্থাপনের বিষয়টি জাতীয় অগ্রাধিকারে আনার আহ্বান জানান।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, কোনো প্রতিষ্ঠান জবাবদিহির বাইরে থাকতে পারে না। জবাবদিহিমূলক কাঠামো ছাড়া উন্নয়ন টেকসই হয় না। সেনাবাহিনীও এই নীতির বাইরে নয়,এমন মন্তব্য করে তিনি সুশাসন ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের ক্যাপস্টোন কোর্সে মোট ৪৫ জন ফেলো অংশ নেন। তাদের মধ্যে সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, কূটনীতিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা ছিলেন। এর মাধ্যমে নীতিনির্ধারণী পর্যায়ে সমন্বিত চিন্তাভাবনা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি বিকাশের লক্ষ্য রাখা হয়।
সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






