প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক দায়িত্বে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ।

টুইট ডেস্ক: ড. মো. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিকভাবে এ দায়িত্ব পালন করবেন।

গত বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক না রেখে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি এ পদে নিয়োগপ্রাপ্ত হবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এর আগে ড. সাইমুম পারভেজ বিএনপির পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যানের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।