তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ, রাজশাহীসহ ২৭ জেলায় সতর্কতা

আবহাওয়ার পূর্বাভাসে আরও কয়েকদিন গরম অব্যাহত থাকার ইঙ্গিত।
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ফের তীব্র গরমের প্রভাব বেড়েছে। রাজশাহী বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে খুলনা বিভাগের ১০ জেলাসহ দেশের মোট ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি এবং কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। তবে দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে।
পূর্বাভাসে আরও বলা হয়, রাজশাহীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
শুক্রবার ও শনিবার দেশের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
রোববার ও সোমবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে ধীরে ধীরে তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।






