৩০ এপ্রিলের মধ্যে বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করবে সরকার

বিমান ও পর্যটন খাতে বড় অবকাঠামো উন্নয়নের ঘোষণা
টুইট ডেস্ক: রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত আগামী ৩০ এপ্রিলের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো এবং বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক হ্রাসের বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘদিন ধরে বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। এরই ধারাবাহিকতায় ১৪টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, আগামী ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হতে পারে। নতুন এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে জাপান।
এছাড়া কক্সবাজার বিমানবন্দরে দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
বৈঠকে বিমান বাংলাদেশের পূর্ববর্তী অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়।






