তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন

র্যালি ও আলোচনা সভায় পুষ্টি সচেতনতার বার্তা; মা ও শিশুর পুষ্টি নিশ্চিতের ওপর জোর
আব্দুল্লআহিল শাহীন: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। র্যালির মাধ্যমে পুষ্টির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনাব্বর হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান ও বিশেষ অতিথিরা পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হামদুল্লাহসহ অন্যান্য বক্তারা বলেন, অপুষ্টি দূরীকরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করা জরুরি। এ জন্য সুষম খাদ্য গ্রহণ, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়বে এবং একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।





