প্রাথমিক শিক্ষার্থীদের ব্যাগ-ড্রেস দেবে সরকার

জুলাই থেকে পাইলট প্রকল্প, লক্ষ্য সমতা ও দেশীয় পণ্যের প্রসার।
টুইট ডেস্ক: দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে সারাদেশে এ কার্যক্রম শুরু হবে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, প্রথম ধাপে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে। প্রকল্পের প্রথম মাসেই প্রায় এক লাখ শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে বলে জানান তিনি।
মাহদী আমিন বলেন, সরকারের লক্ষ্য ধাপে ধাপে দেশের সব প্রাথমিক শিক্ষার্থীর কাছে একই ধরনের ব্যাগ ও পোশাক পৌঁছে দেওয়া, যাতে ধনী-দরিদ্রের বৈষম্য কমে আসে এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য ব্যবহারে উৎসাহিত করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি পাটজাত পণ্য ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব চর্চা গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই কর্মসূচি একদিকে যেমন দেশীয় শিল্প-বিশেষ করে পাটখাতকে চাঙ্গা করবে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে সমতা ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতেও সহায়ক ভূমিকা রাখবে।






