নগর বাউলে বড় রদবদল

দীর্ঘ দেড় দশকের সঙ্গী গিটারিস্ট রানার বিদায়; দলে যুক্ত হলেন এলিন।
টুইট যুদ্ধে: দেশের জনপ্রিয় ব্যান্ড সংগীতদল নগর বাউল এ বড় ধরনের পরিবর্তন এসেছে। ব্যান্ডটির দীর্ঘদিনের গিটারিস্ট সুলতান রায়হান খান রানা আনুষ্ঠানিকভাবে দল থেকে সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় নতুন গিটারিস্ট হিসেবে যোগ দিয়েছেন ইসমামুল ফরহাদ এলিন।
ব্যান্ড সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যক্তিগত কারণে ব্যস্ততা বেড়ে যাওয়ায় রানা আর দলকে যথেষ্ট সময় দিতে পারছিলেন না। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা শেষে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার বিদায় নিশ্চিত হয়।
দেড় দশকেরও বেশি সময় ধরে নগর বাউলের সঙ্গে যুক্ত ছিলেন রানা। দেশ-বিদেশের অসংখ্য মঞ্চে তিনি ব্যান্ডটির সঙ্গে পারফর্ম করেছেন এবং ব্যান্ডের সাউন্ড গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সর্বশেষ পয়লা বৈশাখ উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত কনসার্টে তাকে দেখা যায়নি।সেখানে নতুন গিটারিস্ট এলিনকে নিয়ে পারফর্ম করে ব্যান্ডটি, যা পরবর্তী পরিবর্তনের ইঙ্গিত দেয়।
নগর বাউলের ভোকালিস্ট মাহফুজ আনাম জেমসের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে এলিন ব্যান্ডে যুক্ত হন। এর আগে তিনি অতিথি শিল্পী হিসেবে নগর বাউলের সঙ্গে কাজ করেছেন এবং শূন্য ব্যান্ড ও চিরকুটের সঙ্গেও যুক্ত ছিলেন।
- বর্তমানে নগর বাউলের লাইনআপে রয়েছেন,জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার) এবং ইসমামুল ফরহাদ এলিন (গিটার)।
দীর্ঘদিনের সদস্য পরিবর্তনের এই ঘটনা নগর বাউলের ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তবে ব্যান্ড কর্তৃপক্ষ এটিকে স্বাভাবিক পরিবর্তন ও নতুন শুরুর অংশ হিসেবেই দেখছে।





