বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন

দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস, হয়রানি কমানোর প্রত্যাশা প্রধানমন্ত্রীর।

টুইট ডেস্ক: বগুড়াসহ দেশের ৭টি জেলায় ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে আইনের অপব্যবহার করে ভিন্নমতের মানুষকে হয়রানি ও শাস্তি দেওয়া হয়েছে। তাই দেশে শুধু আইনের শাসন নয়, প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের সব আদালতে ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হবে। এতে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নতুন এই ব্যবস্থার মাধ্যমে অহেতুক হয়রানি ও দুর্ভোগ থেকে মানুষ রক্ষা পাবে। একই সঙ্গে বিচারব্যবস্থায় সমতা নিশ্চিত করা হবে, যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিক—সবার জন্য আইনের দৃষ্টিতে সমান অধিকার থাকবে।

সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল এই উদ্যোগ দেশের বিচারব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।