দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু বগুড়ার

প্রধানমন্ত্রীর ফলক উন্মোচন, ‘মডেল টাউন’ গড়ার আহ্বান।

টুইট ডেস্ক: বগুড়া এখন আনুষ্ঠানিকভাবে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করেছে।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো বগুড়াবাসীর। তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, “নিজেদের শহরের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে এবং এটিকে একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, বগুড়ার মানুষ যেমন তাকে সমর্থন দিয়েছেন, তেমনি দেশের সব মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এর আগে একই দিনে বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব আদালতে এই কার্যক্রম চালু করা হবে, যা বিচার প্রক্রিয়া দ্রুত করতে সহায়ক হবে।

সরকারের মতে, সিটি করপোরেশনে উন্নীত হওয়ার ফলে বগুড়ায় নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবায় নতুন গতি আসবে।