‘বট বাহিনীর’ অপপ্রচার, ফটোকার্ডে ট্রল-অভিযোগ শিক্ষামন্ত্রীর

এসএসসি রুটিন ও এমপিও নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান।

টুইট ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি দাবি করেছেন, একটি ‘বট বাহিনী’ তাকে নিয়ে ভুয়া ফটোকার্ড তৈরি করে অপপ্রচার ও ট্রল চালাচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তাকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এমনকি তিনি নাকি পরীক্ষার দিন এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করবেন-এমন হাস্যকর গুজবও ছড়ানো হয়েছে।

এদিকে, আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ে। শিক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘নকল প্রতিরোধে পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে না’ এ ধরনের তথ্য সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।

শিক্ষামন্ত্রী আরও অভিযোগ করেন, ‘ফেল করলেই এমপিও বাতিল’ এমন বিভ্রান্তিকর বার্তাও ছড়ানো হয়েছে। অথচ তিনি বলেছেন, কোনো প্রতিষ্ঠানে শূন্য শতাংশ ফলাফল হলেও এমপিও বাতিল করা হবে না। কিন্তু তার বক্তব্য বিকৃত করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করতে হবে।