জ্বালানি সংকট মোকাবিলায় মিতব্যয়িতার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রীয় ও পারিবারিক পর্যায়ে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর নির্দেশ, জনকল্যাণ নিশ্চিত রাখার প্রতিশ্রুতি।
টুইট ডেস্ক: রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার–২০২৬ প্রদান অনুষ্ঠানে জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে সর্বক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলেও জনদুর্ভোগ বিবেচনায় সরকার এখনো দাম বাড়ায়নি। বরং প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি জনগণের সরকার এবং জনগণের কাছেই দায়বদ্ধ। তাই সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে তিনি আশ্বস্ত করেন।
প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অনুষ্ঠান থেকে শুরু করে পারিবারিক জীবনেও অপ্রয়োজনীয় ব্যয় ও অপচয় পরিহারের আহ্বান জানান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সবারই দায়িত্বশীল আচরণ করা জরুরি।
সরকার সব পরিস্থিতি সামাল দিতে কাজ করছে এবং জনস্বার্থে নীতি সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।






