রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

হামলায় আহত দুই বোন, এলাকায় উত্তেজনা।
টুইট ডেস্ক: রাঙামাটির নানিয়ারচর উপজেলার কুদুকছড়ি এলাকায় সশস্ত্র হামলায় ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)–ঘনিষ্ঠ গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ধর্মশিং চাকমা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তার দুই বোন— ভাগ্য শোভা চাকমা ও কৃপা সোনা চাকমা।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি সশস্ত্র গ্রুপ ভোরে কুদুকছড়ি এলাকায় লক্ষ্য করে ধর্মশিং চাকমাকে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সময় গুলিবিদ্ধ হন তার দুই বোন। তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
এ ঘটনায় ইউপিডিএফ অভিযোগ করেছে, জেএসএস (সন্তু গ্রুপ)–সংশ্লিষ্ট একটি সশস্ত্র দল এ হামলা চালিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে জেএসএস।
রাঙামাটির পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, ঘটনার বিস্তারিত জানার জন্য কাজ চলছে এবং মরদেহ উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল ঘটনাস্থলে গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত দুই নারীর একজনের কনুই এবং অন্যজনের হাতের তালুতে গুলি লেগেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছেন, পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান আঞ্চলিক সশস্ত্র সংঘাতের কারণে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এসব সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।






