আজ ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ৪১৯ হজযাত্রী।

টুইট ডেস্ক: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ (১৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট চলাচল। রাত ১১টা ৩৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনের পর রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর–এর উদ্দেশ্যে ছেড়ে যাবে।

হজ মৌসুমে শনিবার (১৮ এপ্রিল) মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ৬টি ফ্লাইট, সাউদিয়া ৪টি এবং ফ্লাইনাস পরিচালনা করবে ৪টি ফ্লাইট।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজে অংশ নেবেন।

সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া বহন করবে ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী।

২১ মে পর্যন্ত প্রি-হজ ফ্লাইট চলবে। মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।