খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

ওসমানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা প্রদান।

টুইট ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেওয়া ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ তার পক্ষে গ্রহণ করেছেন নাতনি জাইমা রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন জাইমা রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়াসহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’–এর জন্য মনোনীত করা হয়েছে।

ব্যক্তিগত পর্যায়ে মনোনীতদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধ, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ক্রীড়া ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্টজনেরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য— এ কে এম হানিফ সংকেত, বশীর আহমেদ (মরণোত্তর), ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) প্রমুখ।

প্রতিষ্ঠান পর্যায়ে মনোনীত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

‘স্বাধীনতা পুরস্কার’ দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়ে আসছে। পুরস্কারপ্রাপ্তরা পান নগদ অর্থ, স্বর্ণপদক, রেপ্লিকা এবং সম্মাননাপত্র।

রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।