সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা স্বাস্থ্যমন্ত্রীর

সংসদে বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনা
টুইট ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর–এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর তুলনা করেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্রাট বাবর তার শাসনামলে বিভিন্ন জনগোষ্ঠীর জন্য কাজ করেছেন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। সেই প্রেক্ষাপটে তিনি বর্তমান প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে তুলনা টানেন।
তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন খাতে জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
ইতিহাসের প্রসঙ্গ টেনে মন্ত্রী আরও বলেন, বাবরের শাসনামলকে কেন্দ্র করে কবি কালিদাস রায় তার মহত্ত্ব তুলে ধরেছিলেন। একইভাবে বর্তমান সরকারও জনকল্যাণকে অগ্রাধিকার দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে সংসদে দেওয়া এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক নেতার তুলনাকে বিতর্কিত হিসেবে দেখছেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকায় স্বাস্থ্যসেবা জোরদার করা সরকারের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।






