গণমিছিলের নতুন কর্মসূচি ১১ দলীয় ঐক্যের

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দেশজুড়ে আন্দোলনের ঘোষণা
টুইট ডেস্ক: জুলাই সনদের সংস্কার বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে বৈঠকে সভাপতিত্ব করেন আমির ডা. শফিকুর রহমান।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল ঢাকা ছাড়া সব বিভাগীয় শহরে এবং ২ মে দেশের সব জেলা সদরে গণমিছিল কর্মসূচি পালন করা হবে।
এছাড়া ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে সেমিনার আয়োজনেরও ঘোষণা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে বিভাগীয় সমাবেশ এবং ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি দেওয়া হবে বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, জুলাই সনদের বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে চাপ সৃষ্টি করতেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৪ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেছিল ১১ দলীয় ঐক্য।






