মগবাজারে বিআরটিসি বাসের ধাক্কায় একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের সঙ্গে সংঘর্ষ, আহত অন্তত ৮ শিক্ষার্থী।

টুইট ডেস্ক: রাজধানীর মগবাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িকে ধাক্কা দিয়ে ফ্লাইওভারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এতে অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে রেইনবো ক্রসিং এলাকায় নামার সময় বাসটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারায় এবং সামনে থাকা কয়েকটি যানবাহনের সঙ্গে ধাক্কা লাগে।

এরপর বাসটি সরাসরি মগবাজার ফ্লাইওভারের অংশে গিয়ে আঘাত করে থেমে যায়। এতে কয়েকটি ব্যক্তিগত গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করে।