দুর্ঘটনায় নিহত তরুণীকে সেতুতে রেখেই পালাল মোটরসাইকেলচালক

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
টুইট ডেস্ক: পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক পালিয়ে গেছেন। নিহত তরুণীর পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ওই তরুণী মোটরসাইকেলের পেছনে আরোহী ছিলেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীর মরদেহ উদ্ধার করে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
নিহত তরুণীর পরিচয় শনাক্তের স্বার্থে কারও কাছে কোনো তথ্য থাকলে পদ্মা সেতু উত্তর থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ওসি।






