বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের তিনজন; রয়েছেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানাও

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই তালিকায় বাংলাদেশের আরও দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানার নাম রয়েছে।

জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত তালিকাটি বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী মুসলিম ব্যক্তিত্বদের নিয়ে তৈরি করা হয়েছে।

প্রকাশনায় তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়ে তিনি প্রধানমন্ত্রী হন। পাশাপাশি ২০২৫ সালের ডিসেম্বরে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার বিষয়টিও তাঁর পরিচিতিতে তুলে ধরা হয়েছে।

তালিকায় স্থান পাওয়া ড. হামিদা হোসেন বাংলাদেশের বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক ও মানবাধিকারকর্মী। ১৯৬৯ সালে রাজনৈতিক সাময়িকী ‘ফোরাম’ প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রাখেন। স্বাধীনতার পর যুদ্ধকালীন সহিংসতার শিকার নারীদের পুনর্বাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করেন। তিনি আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারপারসন।

অন্যদিকে, রাজিয়া সুলতানা একজন রোহিঙ্গা আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, বিশেষ করে বাস্তুচ্যুত নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা ও মানবপাচারের ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে তিনি কাজ করছেন। রোহিঙ্গা নারীদের সহায়তায় তিনি রোহিঙ্গা উইমেন ওয়েলফেয়ার সোসাইটিও প্রতিষ্ঠা করেন।

‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণটি প্রকাশনাটির ১৮তম বার্ষিক আয়োজন। এতে বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের তুলে ধরা হয়েছে।

তালিকায় ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যক্তিদের প্রভাব বিবেচনা করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা, প্রকাশিত বই, জনমত, বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং দীর্ঘমেয়াদি অবদানও বিবেচনায় নেওয়া হয়।

প্রকাশনার নিয়ম অনুযায়ী, প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট কোনো ক্রম বা অবস্থান ছাড়াই বিভিন্ন বিভাগে তালিকাভুক্ত করা হয়। এসব বিভাগের মধ্যে রয়েছে রাজনীতি, ধর্মীয় বিষয়াবলি, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি, গণমাধ্যম ও খেলাধুলা।

উল্লেখ্য, তালিকায় কারও নাম অন্তর্ভুক্ত হওয়ার অর্থ তাঁর মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি প্রকাশক সংস্থার সমর্থন নয়। বরং মুসলিম বিশ্বে সংশ্লিষ্ট ব্যক্তির প্রভাব ও অবদান তুলে ধরাই এই প্রকাশনার মূল উদ্দেশ্য।