বিশ্বজুড়ে সুনামের সঙ্গে কাজ করছে বাংলাদেশের শিক্ষার্থীরা: ভূমিমন্ত্রী

রাজশাহীতে শিক্ষার পরিবেশ উন্নয়নে ভবন ও ইয়েলো বাস চালুর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় প্রতিষ্ঠানে শিক্ষা অর্জনের পাশাপাশি কর্মক্ষেত্রেও সুনামের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে একটি বড় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ‘ইয়েলো বাস’ চালুর বিষয়েও চেষ্টা করা হবে।

তিনি বলেন, এ প্রতিষ্ঠানের সমস্যা সবার সমস্যা। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মিজানুর রহমান মিনু আরও বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, সে পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তাদের প্রধান দায়িত্ব মনোযোগ দিয়ে পড়াশোনা করা। প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ বজায় রাখতেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানের শুরুতে ভূমিমন্ত্রী শহীদ ডিআইজি মামুন মাহমুদসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মো. এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইয়াকুব আলী, আরএমপির কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।