বিমানের রিয়াদ ফ্লাইট বন্ধ ৩০ নভেম্বর পর্যন্ত

নিরাপত্তাঝুঁকিতে স্থগিত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত চলাচল, চালু থাকবে সৌদির অন্য তিন রুটের ফ্লাইট।
টুইট ডেস্ক: সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (১১ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী ফ্লাইট চালু রাখার পূর্বঘোষিত সিদ্ধান্ত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে না।
তবে সৌদি আরবের অন্য তিনটি গন্তব্যে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম এবং ঢাকা-মদিনা রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখবে সংস্থাটি।
এদিকে, যাত্রীদের টিকিট, ভ্রমণের সময়সূচি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য হালনাগাদ জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।






