রাজশাহীতে রাতের আঁধারে ২০ কাঠা পুকুর ভরাটের অভিযোগ

ঢালুর মোড় জামে মসজিদসংলগ্ন জলাধারে মাটি ফেলার অভিযোগ, প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভ স্থানীয়দের
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ঢালুর মোড় জামে মসজিদসংলগ্ন ও হাইটেক পার্কের পাশে প্রধান সড়কের ধারে প্রায় ২০ কাঠা আয়তনের একটি পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। গতকাল রাত থেকে পুকুরটিতে মাটি ফেলে ভরাটের কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে একটি বড় জলাধার ভরাটের কাজ চললেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
নগরীর পরিবেশ ও জলাধার সংরক্ষণ নিয়ে নানা উদ্যোগের কথা বলা হলেও জনবসতিপূর্ণ এলাকায় এভাবে পুকুর ভরাটের অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পুকুরটি ভরাট করা হলে এলাকার প্রাকৃতিক জলাধার ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন নাগরিকেরা।
এদিকে পুকুরটি ভরাটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। অনুমতি দেওয়া হয়ে থাকলে কোন কর্তৃপক্ষ তা দিয়েছে এবং অনুমতি ছাড়া ভরাটের কাজ চললে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি কেন—এসব বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ব্যাখ্যা দাবি করেছেন স্থানীয়রা।
সচেতন মহলের দাবি, অভিযোগটি দ্রুত তদন্ত করে পুকুর ভরাটের কাজ বন্ধ করতে হবে। একই সঙ্গে অনুমোদন ছাড়া জলাধার ভরাটের সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।






