রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদকে আরএমপির বিদায় সংবর্ধনা

রাজশাহী রেঞ্জে দায়িত্ব পালনকালে সহযোগিতা ও পেশাদারিত্বের স্মৃতিচারণ; বিদায়ী ডিআইজিকে সম্মাননা স্মারক প্রদান করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএমের বদলিজনিত বিদায় উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ডিআইজি আশিক সাঈদের সঙ্গে কর্মজীবনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তাঁরা তাঁর পেশাগত দক্ষতা, সহযোগিতাপূর্ণ মনোভাব এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরে পরবর্তী কর্মস্থলে সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
বিদায়ী বক্তব্যে ডিআইজি আশিক সাঈদ রাজশাহী রেঞ্জে দায়িত্ব পালনের সময়কার অভিজ্ঞতা ও স্মৃতির কথা তুলে ধরেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে আরএমপি পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পেয়েছেন। পেশাদারিত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনে আরএমপির কর্মকর্তাদের সহযোগিতা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বিদায়ী ডিআইজির কর্মকালীন অবদান ও সাফল্যের কথা স্মরণ করেন। আরএমপির বিভিন্ন কার্যক্রমে তাঁর সহযোগিতা ও মূল্যবান দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে পরবর্তী কর্মজীবন ও ব্যক্তিজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে পুলিশ কমিশনারের পক্ষ থেকে বিদায়ী ডিআইজি আশিক সাঈদকে আরএমপির সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মোঃ শামীম হোসেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার মীর মোঃ শাফিন মাহমুদ, মোঃ নূর আলম সিদ্দিকী, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাঈনুল ইসলাম, দীন মোহাম্মদ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবুল কালাম সাহিদ, মোঃ গাজিউর রহমানসহ রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদসহ রাজশাহী রেঞ্জ ও আরএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অংশ নেন।







