অভিনয় ছেড়ে নয়, এবার পরিচালনায় দীপা খন্দকার

২৮ বছরের অভিনয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বছরে নাটক পরিচালনায় অভিষেকের পরিকল্পনা এই অভিনেত্রীর।
টুইট প্রতিবেদক: অভিনয়জীবনের ২৮ বছর পার করেছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি। নাটক ও ওয়েবচিত্রে নিয়মিত অভিনয়ের পাশাপাশি সম্প্রতি ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন। এবার অভিনয়ের গণ্ডি পেরিয়ে পরিচালকের আসনে বসার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী।
সবকিছু ঠিক থাকলে নতুন বছরেই পরিচালক হিসেবে অভিষেক হতে পারে দীপা খন্দকারের। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে নিজের এই পরিকল্পনার কথা জানান তিনি।
দীপা বলেন, অভিনয়জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে ইদানীং তাঁর মনে হচ্ছে, দুই-তিনটি নাটক পরিচালনা করলে মন্দ হয় না। বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছেন তিনি। সবকিছু অনুকূলে থাকলে নতুন বছরেই পরিচালক হিসেবে যাত্রা শুরু করতে চান।
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন দীপা। সম্প্রতি নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ যুক্ত হয়েছেন তিনি। এর আগে একই নির্মাতার ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
‘ফিরে আসার গল্প’-এ শুরুতে অন্য একটি চরিত্রে অভিনয়ের কথা ছিল দীপার। পরে সেই চরিত্রে যুক্ত হন রোজী সিদ্দিকী। অন্যদিকে দীপা বর্তমানে যে চরিত্রে অভিনয় করছেন, সেটিতে আগে ছিলেন সুমাইয়া শিমু। চোখের অসুস্থতার কারণে শেষ মুহূর্তে ধারাবাহিকটি থেকে সরে দাঁড়ান সুমাইয়া।
পরিস্থিতি সামাল দিতে নির্মাতার অনুরোধে মাত্র দুই ঘণ্টার মধ্যে নতুন চরিত্রটির জন্য প্রস্তুত হন দীপা খন্দকার। অভিনয়ের প্রতি তাঁর পেশাদারত্ব ও অভিজ্ঞতার এই দৃষ্টান্ত নতুন করে আলোচনায় এসেছে।
অভিনয়ের পাশাপাশি পরিচালনায় যুক্ত হওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে দীপা খন্দকারের ক্যারিয়ারে যুক্ত হবে নতুন এক অধ্যায়। দীর্ঘদিনের অভিনয় অভিজ্ঞতা এবার নির্মাণের কাজে কতটা কাজে লাগাতে পারেন, সেটিই দেখার অপেক্ষা।






