ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী, সঙ্গে ডিবিসির সাংবাদিক রাজীব ঘোষ

মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে দুজনকে মিন্টো রোডে নেওয়া হয়েছে; একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।
টু্ইট ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে ডিবিসি নিউজের প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও সেখানে নেওয়া হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাঁদের নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবিসি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে তাঁদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়নি; জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর তথ্য পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানতে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে।






