রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

সৌরবিদ্যুৎ খাতের উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিয়ে বক্তব্যের পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

টুইট ডেস্ক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, সূর্যের আলোকে সম্পদে পরিণত করতে হবে। উন্নয়ন সহযোগী ও জনগণ একসঙ্গে কাজ করলে বিদ্যুতের চাহিদা মেটানো কঠিন হবে না।

তারেক রহমান বলেন, বিগত সরকারের সময়ে দেশের জ্বালানি ব্যবস্থা আমদানিনির্ভর হয়ে পড়েছে। তবে আগের সরকারের সিদ্ধান্তের সমালোচনায় সময় ব্যয় না করে বিদ্যুৎ খাতের বিকল্প সমাধান খুঁজছে বর্তমান সরকার। বৈশ্বিক অস্থিরতায় জ্বালানি খাতে তৈরি অনিশ্চয়তা মোকাবিলায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, সৌরবিদ্যুৎ খাতের উন্নয়নে ৬ হাজার কোটি টাকা পৃথকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে বরেন্দ্র অঞ্চলের ১৭ হাজার সেচপাম্প সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে সৌরবিদ্যুৎনির্ভর কৃষি উৎপাদন ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে প্রবাসীদের সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিদ্যুতের অপচয় রোধে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।