মিরপুরে পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করল আন্দোলনকারীরা

কালশী রোডে হামলায় কনস্টেবল সাইমন আহত; রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন

টুইট ডেস্ক : রাজধানীর মিরপুরে এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছে আন্দোলনরত পোশাকশ্রমিকদের একটি দল। মঙ্গলবার সকাল ১১টার দিকে কালশী রোডে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল মো. সাইমন রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।

হামলার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন লাঠি দিয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করছেন। এ সময় কয়েকজন হামলাকারীদের থামানোর চেষ্টা করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, মিরপুর-১১ এলাকা থেকে শ্রমিকদের ছত্রভঙ্গ করার পর তারা কালশীর দিকে সরে যান। এ সময় পল্লবী থানা থেকে মিরপুর-১১-এর দিকে যাওয়া পুলিশ সদস্যরা দলছুট হয়ে পড়েন। তখন এক কনস্টেবলের ওপর হামলা চালানো হয়।

এর আগে সকাল ১০টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় অন্তত চারজনকে আটক করা হয়।