দাঙ্গা নিয়ন্ত্রণে আনসারকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের জেন্ডারমেরি

১১৮ সদস্যকে নিয়ে পাঁচ দিনের প্রশিক্ষণ, নেতৃত্বে কর্নেল বোরা তাসদেলেনের পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল

টুইট ডেস্ক: জনশৃঙ্খলা রক্ষা, দাঙ্গা নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় অপারেশনাল সক্ষমতা বাড়াতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের জেন্ডারমেরি বাহিনী। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে আনসার সদস্যদের পাশাপাশি বিসিএস কর্মকর্তা ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরাও অংশ নিচ্ছেন।

১ নভেম্বর থেকে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম।

তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল প্রশিক্ষণটি পরিচালনা করছে। দলের নেতৃত্বে রয়েছেন কর্নেল বোরা তাসদেলেন (Colonel Bora Tasdelen)। তাঁর সঙ্গে রয়েছেন তুরস্কের জেন্ডারমেরি জেনারেল কমান্ডের তিনজন অভিজ্ঞ প্রশিক্ষক এবং একজন দোভাষী।

প্রশিক্ষণে মোট ১১৮ জন অংশগ্রহণ করছেন। তাঁদের মধ্যে ১১ জন বিসিএস কর্মকর্তা, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১০ জন সদস্য এবং আনসার ব্যাটালিয়নের ৯৭ জন সদস্য রয়েছেন।

‘পাবলিক অর্ডার ইনসিডেন্ট রেসপন্স অ্যান্ড রায়ট কন্ট্রোল ট্রেনিং’ (Public Order Incident Response and Riot Control Training) শীর্ষক এ প্রশিক্ষণে প্রতিদিন ছয় ঘণ্টা করে তাত্ত্বিক ও ব্যবহারিক পাঠ দেওয়া হচ্ছে। পাশাপাশি বাস্তব পরিস্থিতিভিত্তিক অনুশীলন এবং বিভিন্ন অপারেশনাল কৌশল শেখানো হচ্ছে।

প্রশিক্ষণের প্রথম দিনে তাত্ত্বিক অধিবেশন অনুষ্ঠিত হয় বীর বিক্রম এলাহী বক্স অডিটোরিয়ামে। পরে একাডেমির প্যারেড গ্রাউন্ডে ব্যবহারিক প্রশিক্ষণ পরিচালনা করা হয়। এতে আত্মরক্ষার কৌশল, জনতা নিয়ন্ত্রণের বিভিন্ন ফরমেশন এবং পরিস্থিতি অনুযায়ী কৌশলগত পদক্ষেপ গ্রহণের অনুশীলন অন্তর্ভুক্ত রয়েছে।

সংশ্লিষ্ট প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য হলো জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি করা। একই সঙ্গে দাঙ্গা নিয়ন্ত্রণ, বেসামরিক প্রতিরক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার সদস্যদের পেশাগত দক্ষতা ও প্রস্তুতি জোরদার করা।

বাংলাদেশভিত্তিক প্রতিরক্ষা বিষয়ক সংবাদমাধ্যম ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশ (ডিটিবি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে জানিয়েছে, কর্নেল বোরা তাসদেলেনের নেতৃত্বে পাঁচ সদস্যের তুর্কি জেন্ডারমেরি দল আনসার সদস্যদের এ পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে। এর উদ্দেশ্য বেসামরিক প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তায় তাঁদের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করা।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে নিরাপত্তা ও প্রশিক্ষণ সহযোগিতার ক্ষেত্রে এ উদ্যোগকে একটি উল্লেখযোগ্য কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে দুই দেশের নিরাপত্তা বাহিনীর অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি জনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যদের দক্ষতা বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।