প্রেম গোপনেই সুন্দর, বিয়ের খবর দেবেন কেয়া পায়েল

মালদ্বীপে এক যুবকের সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রেমের গুঞ্জন। তবে সম্পর্ক প্রকাশ্যে আনতে চান না তিনি।

টুইট প্রতিবেদক: তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে প্রিয় অভিনেতা অভিনেত্রীর প্রেম ও সম্পর্কের খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলে নিয়মিত। এবার নিজের প্রেম ও বিয়ে নিয়ে কথা বলে আলোচনায় এসেছেন অভিনেত্রী কেয়া পায়েল।

সম্প্রতি মালদ্বীপে অবকাশযাপনের সময় অভিনেত্রীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক যুবকের সঙ্গে একটি অভিজাত রেস্তোরাঁয় পাশাপাশি বসে খাবার খেতে দেখা যায় তাকে। একপর্যায়ে ওই যুবককে যত্ন করে খাবার খাইয়েও দেন কেয়া পায়েল।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ওই যুবকের সঙ্গে অভিনেত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। এর মধ্যে নিজের একটি সুন্দর ছবি প্রকাশ করে ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ এতে প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।

তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি অভিনেত্রী। সম্প্রতি প্রেম ও বিয়ে নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে কেয়া পায়েল জানিয়েছেন, সম্পর্ক গোপন রাখার মধ্যেই রয়েছে আলাদা সৌন্দর্য। প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনতে আগ্রহী নন তিনি।

কেয়া পায়েলের ভাষায়, ‘প্রেম জিনিসটা গোপনে সুন্দর। এটা বলে ফেললে আসলে সৌন্দর্যটা থাকে না। প্রেম ভালো লাগে গোপনে, কেউ জানল না, লুকোচুরি প্রেম। নিজেরা নিজেরা প্রেম করছি।’

বিয়ের সিদ্ধান্ত নিলে তা সবাইকে জানাবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘যখন বিয়ে করব, তখন সবাই জানবে যে, হ্যাঁ, আমি বিয়ে করছি। এখন সারা জীবন শুধু ওই থাকবে লাইফে। প্রেম তো ভেঙেও যেতে পারে, বলা যায় না।’

অভিনেত্রীর এমন মন্তব্যের পর তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। তবে মালদ্বীপের ভিডিওতে দেখা যুবকের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।