যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন

পবা-মোহনপুরে জাতীয় যুব দিবস পালন, যুবকদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ।
নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: যুব সমাজই দেশের অর্থনীতিকে চাঙ্গা করার মূল শক্তি বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
রবিবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।
এমপি মিলন বলেন, দেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ যুবক। তাই দেশ গঠন ও অর্থনৈতিক উন্নয়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, তাঁর মধ্যে অগাধ দেশপ্রেম ছিল। দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেন এবং ‘স্বনির্ভর বাংলাদেশ’ গড়ার কর্মসূচিতে যুবসমাজকে প্রধান শক্তি হিসেবে কাজে লাগানোর উদ্যোগ নেন।
দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে খাল খনন, বৃক্ষরোপণ, মাছ চাষ এবং গরু, ছাগল ও হাঁস-মুরগি পালনের মতো উৎপাদনমুখী কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এসব উদ্যোগে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে বলেন, কর্মক্ষম ও উদ্যমী যুবকরাই দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে।
নিজেদের নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ তুলে এমপি মিলন বলেন, কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। বিভিন্ন জাতীয় দিবস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যেতে পারে। আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে চাহিদা ও জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি।
দক্ষ ও পারদর্শী যুবকদের সরকারি পর্যায়ে পুরস্কৃত করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, গত বছর মোহনপুরের একজন এ ধরনের পুরস্কার পেয়েছিলেন। এবারও একজন রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। সন্তানদের ছোটবেলা থেকেই কাজের প্রতি আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পবা ও মোহনপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাঠপর্যায়ের কর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও উদ্যোগী হওয়ার নির্দেশনা দেন সংসদ সদস্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী কাজ করতে পছন্দ করেন এবং দেশের যুবসমাজ তাঁর কাছে অত্যন্ত প্রিয়।
এর আগে জাতীয় যুব দিবস উপলক্ষে পবা ও মোহনপুর উপজেলায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা শেষে যুবকদের মধ্যে যুবঋণের চেক, ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়।
মোহনপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর অর রশীদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
অন্যদিকে, পবা উপজেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতাকর্মীরা।







